ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন ইমন (৩৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে পাল্টাপাল্টি দোষারোপ করে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের দুটি পক্ষ। আজ বৃহস্পতিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে করা সংবাদ সম্মেলনে উভয় পক্ষই খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, যশোর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্বে স্থানীয় সাংসদ কাজী নাবিল আহমেদ ও অপর অংশের নেতৃত্বে রয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। জেলা ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব শাহীন চাকলাদার এবং যুবলীগের সদর উপজেলা ও শহর কমিটি নাবিল আহমেদের অনুসারী বলে পরিচিত।
দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান। লিখিত বক্তব্যে বলা হয়, ‘রাজনৈতিক প্রতিহিংসায় স্থানীয় সাংসদ কাজী নাবিল আহমেদ তাঁর পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্রলীগের নেতা ইমনকে হত্যা করেছেন। এ সাংসদের নির্দেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর যুবলীগের আহ্বায়ক মেহবুব ম্যানসেল, এলাকার মাদক ব্যবসায়ী খুরশিদসহ কয়েকজন মিলে ইমনকে হত্যার পরিকল্পনা করে। অবিলম্বের খুনিদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলন থেকে খুনিদের গ্রেপ্তারের দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৪ নভেম্বর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে মানববন্ধন, ৫ নভেম্বর জেলার সব উপজেলা ও পৌর এলাকায় এবং ৬ নভেম্বর যশোর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করা হবে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বর্তমান সভাপতি রওশন ইকবাল, সাবেক সহসভাপতি নেয়ামতউল্লাহ, এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।
এদিকে বেলা তিনটায় কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা ও শহর যুবলীগের নেতারা একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, ‘যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ ও মোহিত কুমার নাথের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলীয় প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা নির্দ্বিধায় বলতে পারি, ইমন হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর কথা বলে প্রকৃত খুনিদের আড়াল করার চক্রান্ত করা হচ্ছে। আমরা প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ এ সময় জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মুনীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার রাত ১১টার দিকে যশোর শহরের বেজপাড়া গোলগোল্লার মোড়ে লুডু খেলার সময় সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগের নেতা মনোয়ার হোসেন ইমন নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে।