ছাত্রলীগ নেতাকে পুনর্নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের বিরোধিতার মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে না পারা ছাত্রলীগ নেতার আগের নিয়োগ বাতিল করে পুনরায় তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার অ্যাডহক (অস্থায়ী) ভিত্তিতে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
গত ১৩ জুলাই ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে চার ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য। ওই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন ওরফে দীপুকেও নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়া এই ছয়জনের মধ্যে পাঁচজন ৩ আগস্ট সংশ্লিষ্ট কার্যালয়ে যোগ দেন। কিন্তু ২০১৩ সালে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষকদের ওপর হামলা চালানোর অভিযোগে ফয়সাল হোসেনের নিয়োগপত্র গ্রহণে অস্বীকৃতি জানান কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজিত কুমার মজুমদার।
সেই থেকে ফয়সাল হোসেনের যোগদানের সুযোগের দাবিতে প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনে যেতে শুরু করেন। একদিকে ছাত্রলীগের চাপ, অন্যদিকে শিক্ষকদের বিরোধিতা—এ অবস্থায় ২০ দিন ধরে ঝুলে ছিল তাঁর যোগদান।
উদ্ভূত পরিস্থিতিতে আগের নিয়োগ বাতিল করে গতকাল নতুন করে অ্যাডহক ভিত্তিতে ফয়সাল হোসেনকে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এবার তাঁকে রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। কার্যালয়ের কোন শাখায় নিয়োগ হয়েছে—জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, সেটা এখনো ঠিক হয়নি।
এ বিষয়ে কথা বলতে গতকাল উপাচার্যের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে এই নিয়োগে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষকেরা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘বিজ্ঞপ্তি ছাড়াই অ্যাডহক ভিত্তিতে ছয়জনের নিয়োগের বিরোধিতা করে উপাচার্যের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম। সে সময় আমাদের বক্তব্য বিবেচনায় নেবেন বলে আশ্বাস দিয়েছিলেন উপাচার্য। কিন্তু তা বিবেচনায় না নিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আবার নিয়োগ দেওয়া হলো।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন বলেন, ‘আগামীকাল (সোমবার) বিষয়টি নিয়ে আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করব।’