ছাত্রলীগ নেতাকে পেটানোয় মহাসড়ক অবরোধ!

রংপুর শহরের পার্ক মোড় এলাকায় এক হোটেল মালিক ও কর্মচারীদের হামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগের নেতা সাফায়েত শিকদার আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পার্ক মোড়ে হোটেলে ভাত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এসব হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়, পুলিশ, ব্যবসায়ী ও ছাত্রলীগ সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে পার্ক মোড়ে অবস্থিত রফিক হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত শিকদার তাঁর তিন বন্ধুসহ ভাত খেতে যান। তাঁদের কাছে বেশি টাকা না থাকায় ডাল-ভাজি দিয়ে খেতে চান তাঁরা। হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ডাল-ভাজি নেই। মাছ-মাংস আছে। এ সময় খাবার নিয়ে হোটেলের মালিক ও কর্মচারীদের সঙ্গে ওই শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হোটেল মালিক ও কর্মচারীরা সাফায়েতকে পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা ছুটে এসে সাফায়েতকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এদিকে ছাত্রলীগের নেতাকে মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামান্না সিদ্দিকা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘আমার কর্মচারীকে মারপিট করা হলে তারা (কর্মচারী) আত্মরক্ষার চেষ্টা করলে মারামারির ঘটনা ঘটে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, শিক্ষার্থীর ওপর এমন হামলা দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।