ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এন্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ কিছু নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি, ছাত্রী হয়রানিসহ সংগঠনবিরোধী কাজের অভিযোগ এনেছেন সংগঠনের অর্ধশত নেতা-কর্মী। গতকাল মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সম্মেলনে সংগঠনের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান ও খন্দকার তায়েফুর রহমান উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মুর্শেদুজ্জামান খান ওরফে বাবু ক্যাম্পাসের বাইরে আছেন। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে ঢাকায় চিকিৎসাধীন আছেন।

তায়েফুর রহমান লিখিত বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শাখার ৫০ জন নেতার স্বাক্ষর নেওয়া হয়। এতে বলা হয়, ২০১৩ সালের ৮ মে মুর্শেদুজ্জামান-সাইফুল পদ পাওয়ার পর থেকেই ক্যাম্পাসে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছাত্রী হয়রানি, শিক্ষক লাঞ্ছনাসহ সংগঠনবিরোধী কাজ করছেন। ফলে ছাত্রলীগের এ কমিটিতে দু-এক জন ছাত্রী ছাড়া আর কোনো ছাত্রীর অংশগ্রহণ নেই।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অনেক নেতা টেন্ডারবাজি করতে গিয়ে মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হয়েছেন। মুর্শেদুজ্জামানের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মারধর করা হয়। কেওয়াটখালী এলাকায় বর্তমান কমিটির কিছু উচ্ছৃঙ্খল নেতা হামলা চালাতে গিয়ে কয়েকটি মামলার আসামি হয়েছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ওই সব মামলার আসামি ও সংগঠনের বিপথগামী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়। মুর্শেদুজ্জামান খানের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।