ছাত্রলীগ নেতার আত্মগোপন নিয়ে আ.লীগে কাদা-ছোড়াছুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে ছাত্রলীগের সাবেক এক নেতার আত্মগোপন নিয়ে আওয়ামী লীগের দুই নেতার কাদা–ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন শেষে এক পক্ষ বিক্ষোভ মিছিল বের করে l ছবি: প্রথম আলো
ঝিনাইদহে ছাত্রলীগের সাবেক এক নেতার আত্মগোপন নিয়ে আওয়ামী লীগের দুই নেতার কাদা–ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন শেষে এক পক্ষ বিক্ষোভ মিছিল বের করে l ছবি: প্রথম আলো

নিজেকে লুকিয়ে রেখে আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম ওরফে হিরণকে ফাঁসাতে চেয়েছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন ওরফে মুকুল। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।

মনির হোসেন নিখোঁজের বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের আরেক নেতা কনক কান্তি দাস জড়িত—এমন ইঙ্গিত করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করেন শহিদুল ইসলাম।

এদিকে গতকাল শুক্রবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্যরা। তাঁরা দাবি করেছেন, শহিদুল ইসলাম মিথ্যা অভিযোগ তুলে কনক কান্তি দাসের সম্মানহানি করতে চাইছেন। তিনি মোটেও এই কাজের সঙ্গে জড়িত নন। চেয়ারম্যান শহিদুল ইসলামের আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তাঁরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা এবং কয়েকজন সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান উপস্থিত হন। ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে ওই এলাকার সহস্রাধিক মানুষ প্রেসক্লাবে হাজির হন।

ওই সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শহিদুল ইসলাম দাবি করেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে পদ্মকর ও হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য তাঁকে আহ্বায়ক করে দায়িত্ব অর্পণ করে। সেই দায়িত্বের জায়গা থেকে তিনি গত ২৯ মে মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভার ডাক দেন। কিন্তু একটি মহল দলের সাংগঠনিক কাজকে বাধাগ্রস্ত করতে একই সময়ে একই স্থানে যুবলীগের নামে প্রতিবাদ সভার ডাক দেয়। সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ও জেলা আওয়ামী লীগের সদস্য জে কে এম রশিদুল আলম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঘোষণা দেওয়া হয়। একপর্যায়ে প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।

শহিদুল ইসলাম আরও বলেন, এই সভা বন্ধ করা নিয়ে মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এই ঘটনার পরদিন তিনি জানতে পারেন মনির হোসেন সদর থানায় তাঁর বিরুদ্ধে একটি ডায়েরি করেছেন। এরপর মঙ্গলবার দুপুর থেকে মনির হোসেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রশাসনের কর্মকর্তারা তাঁকে অবহিত করেন। তিনি এ বিষয়ে কিছুই না জানলেও এটা নিশ্চিত হন এটা তাঁর বিরুদ্ধে একটা চক্রান্ত। এর এক দিন পরই চক্রান্ত ফাঁস হয়ে যায়। মনির হোসেন কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের এক বাড়িতে লুকিয়ে থাকাকালে উদ্ধার হন। ঝিনাইদহ পুলিশ তাঁকে উদ্ধার করে। বর্তমানে মনির হোসেন কারাগারে রয়েছেন।

শহিদুল ইসলাম বলেন, মনির হোসেনকে একটি মহল লুকিয়ে রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে। তাঁর রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করতে এটা করা হয়েছিল বলে তিনি জানান। চেয়ারম্যান শহিদুল ইসলাম দাবি করেন, মনির হোসেনের এই আত্মগোপন কাদের পরামর্শে হয়েছে, আত্মগোপনে যাওয়ার পূর্বে কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেটা খুঁজে বের করা জরুরি।

অপরদিকে শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদের সদস্যরা স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, তাঁদের চেয়ারম্যান কনক কান্তি দাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ওই সমাবেশে কনক কান্তির অতিথি হওয়ার কথা ঠিক নয়। কনক কান্তি ওই সময় ঢাকায় ছিল, এখনো আছেন। জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি করেছেন। তিনি কেমন মানুষ তা সবাই জানেন।

উল্লেখ, মনির হোসেন নিখোঁজের বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, এটা তাদের রাজনৈতিক বিরোধ। তবে মনির হোসেনের কর্মকাণ্ডে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় তিনি কাউকে ফাঁসাতে আত্মগোপন করেছিলেন। তাঁকে উদ্ধার করে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।