ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের জুবিলি রোডে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমান্ডের সভাপতি জালাল উদ্দিন, শহর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি কে এম তাজরিয়ান, সহসভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক দিপু দেওয়ান, মুন্সিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন প্রমুখ অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, যুবলীগের কথিত নেতা শাহজালাল মিজি, মানিক, তুহিন ও রতনের সন্ত্রাসীরা মুন্সিগঞ্জ শহরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলেছে। অনতিবিলম্বে এসব সন্ত্রাসীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনকারী ব্যক্তিরা বলেন, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে ছাত্রলীগের নেতা জাহিদ হোসেন ও অনিককে তুলে নিয়ে শহরের দক্ষিণ কোর্টগাঁওয়ের লিচুতলা এলাকায় শাহজালাল মিজির লোকজন গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় জাহিদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২০ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু সন্ত্রাসীরা এখনো গ্রেপ্তার হয়নি।