ছাত্রলীগ পেট্রলবোমা ছুড়ছে, দাবি ছাত্রদলের
জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করেছে, ছাত্রলীগের কিছু দুষ্কৃতকারী নাশকতা করছে। আর কিছু গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের দিয়ে সেই নাশকতার দায় ২০-দলীয় জোট ও ছাত্রদলের ওপর চাপাচ্ছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ অভিযোগ করে ছাত্রলীগকে ‘নাশকতা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ২০-দলীয় জোট যখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, ঠিক সেই সময় লক্ষ করা যাচ্ছে, ছাত্রলীগের কিছু দুষ্কৃতকারী যানবাহনে পেট্রলবোমা, ককটেল নিক্ষেপসহ নানা নাশকতা করে ২০-দলীয় জোটের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা করছে। তারা একদিকে চলমান আন্দোলনে নাশকতা করছে, অন্যদিকে সরকারের আজ্ঞাবহ কিছু গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের দিয়ে সেই নাশকতার দায়ভার ২০-দলীয় জোটসহ ছাত্রদলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।’
বিবৃতিতে ‘নাশকতাকারী’দের ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী দাবি করে বলা হয়, ‘পুলিশ তাদের আটক করলেও আশ্চর্যের বিষয়, খুব দ্রুত তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের নাকের ডগায় নাশকতা করছে দুর্বৃত্তরা কিন্তু সেই নাশকতাকে কারণ দেখিয়ে খুব দ্রুত বিরোধী মতের লোকদের গ্রেপ্তার করে মামলা দেওয়া হচ্ছে।’ ছাত্রলীগকে এই ‘অপকৌশল’ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
তবে ছাত্রদলের এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। ছাত্রদলের নিউমার্কেট থানার নেতা বাপ্পী বোমা বানাতে গিয়ে বোমার বিস্ফোরণে নিহত হয়েছে। কারা বোমা বানাচ্ছে, কারা বিভিন্ন জায়গায় ককটেল মারছে, এটা তারই প্রমাণ। তা ছাড়া, বোমাসহ হাতেনাতে তাদেরই অনেক নেতা ধরা পড়েছে। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা বাবলু বোমা বানাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। এবার বাপ্পী নিহত হয়েছে। এটা ছাত্রদলেরই অতীত ইতিহাস ও ঐতিহ্য।’