ছাত্রলীগ মানেই অপকর্ম এটা ভাবা অন্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ মানেই হল দখল, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সব অপকর্ম—এমনটা ভাবা অন্যায়। তিনি বলেন, সুশীল সমাজ ও বর্তমান প্রেক্ষাপটে ছাত্ররাজনীতি করা কঠিন হয়ে পড়েছে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
ছাত্রলীগ নিয়ে ঠাট্টা করা দুঃখজনক বলে মন্তব্য করে সৈয়দ আশরাফ আরও বলেন, ‘দেখা যায়, আমাদের দলের লোকজনও অনেক সময় ছাত্রলীগকে নিয়ে ঠাট্টা করেন। এটা অত্যন্ত দুঃখজনক। তারা বয়সে তরুণ, ভুল-ত্রুটি হতেই পারে। কিন্তু তাদের অবজ্ঞা করা উচিত নয়।’
সৈয়দ আশরাফ বলেন, ‘বর্তমানে তথাকথিত সুশীল সমাজের সমালোচনায় ছাত্ররাজনীতি করাই কঠিন হয়ে গেছে। তাঁরা মনে করেন, ছাত্রলীগ হল দখল, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সকল অপকর্ম করে। এমনটা ভাবা অন্যায়। অথচ আমরাই বলি, ছাত্ররা আগামী দিনে নেতৃত্ব দেবে। শুধু ছাত্রলীগ না, সব ছাত্র সংগঠনেরই রাজনীতি করা কঠিন হয়ে যাচ্ছে। তারপরও ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে।’
সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কোনো দিন স্বাধীন হতো না। অনেকেই বলেন, “কেন হতো না”? আমি বলব, বাংলাদেশে এখন পর্যন্ত বঙ্গবন্ধুর মতো নেতার জন্মই হয়নি।’
শেখ কামালের স্মৃতিচারণা করে সৈয়দ আশরাফ বলেন, ‘কামাল ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ স্মৃতি রয়েছে। তিনি আমার বন্ধু ছিলেন।’