ছাত্রলীগ সভাপতির দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান নিরাপত্তা কর্মকর্তার কার্যালয় ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে লালদীঘি মাঠে নাগরিক মঞ্চের জনসভায় যোগদানের জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা কোতোয়ালি মোড়ে জড়ো হয়। সেখানে ছাত্রলীগের অতি উৎসাহী কিছু কর্মী স্লোগান দিলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এই অবস্থায় তিনি (ইমরান আহমেদ) উপস্থিত থেকে কর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু এ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁকে জড়ানো হয়েছে। ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি।