ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করাই ছিল ক্ষমতাসীনদের উদ্দেশ্য। ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা গতকাল বুধবার লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ ও র্যা বের ছত্রচ্ছায়ায় এ হামলা চালানো হয়।
রাজধানীর বকশীবাজারে দুপুরের সংঘর্ষের ঘটনায় সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এ হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকায় ও সারা দেশের জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন, খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার পাঁচ-ছয় মিনিট আগে থেকেই আক্রমণ শুরু হয়। গুলশানের বাসা থেকে তিনি বের হওয়ার পর পথে প্রতিটি ট্রাফিক সিগন্যালে তাঁকে বাধা দেওয়া হয়েছে। তাঁর গাড়িকে নিরাপত্তা বাহিনীর বহর থেকে আলাদা করার চেষ্টা হয়েছিল। যে কারণে আদালতে উপস্থিত হতে দেরি হয়েছে।’
বিএনপির এই মুখপাত্র দাবি করেন, হামলায় বিএনপির ছয় শতাধিক নেতা-কর্মী আহত এবং ১০০ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেলকে হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার করা হয়েছে। রামপুরার নুরুল ইসলাম ও বাড্ডার ইসমাইল মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, বর্তমান ‘অবৈধ’ সরকার ক্ষমতা ধরে রাখতে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করার জন্য সহিংসতার আশ্রয় নিয়েছে। গতকাল মারাত্মকভাবে এর প্রকাশ ঘটেছে।
ওই সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা ও তাঁর গাড়িতে আগুন দেওয়া হয়। সাংসদের ওপর এ হামলার দায় কার—সাংবাদিকদের এ প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এ হামলার দায় সরকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগকেই নিতে হবে। ওই গাড়ি তারা (ক্ষমতাসীনেরা) পুড়িয়েছে কি না, তদন্ত করে দেখতে হবে। তিনি বলেন, ‘সরকার সব সময় বিরোধী দলকে সহিংসতার জন্য অভিযুক্ত করে। আমরা বলতে চাই, বিরোধী দল যে কখনোই সহিংসতা করে না, তার সর্বশেষ প্রমাণ হচ্ছে বকশীবাজারে ছাত্রলীগ-যুবলীগসহ পুলিশ-র্যা বের হামলার ঘটনা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আবদুস সালাম, হাবিব-উন-নবী খান, আবদুল লতিফ, শামীমুর রহমান, আসাদুল করীম, শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রািজব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।