ছাত্রলীগ 'বেয়াদব' সংগঠন: ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে ‘বেয়াদব’ সংগঠন বলে অভিহিত করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের মাধ্যমে এটা আবারও দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল, ছাত্রলীগ একটা বেয়াদব সংগঠন। তারা যে শুধু প্রতিপক্ষকে কটু ভাষায় আক্রমণ করে তা তো নয়, নানা সময়ে এই সংগঠনটির অশালীন আক্রমণের শিকার হয়েছে আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ নেতৃবৃন্দও। তবে এবার ছাত্রলীগ সাধারণ সম্পাদকের মন্তব্য ইতিহাসের সকল শিষ্টাচারকে পাশ কাটিয়ে, ন্যূনতম রাজনৈতিক সম্মানবোধের ধার না ধেরে সে এটাই প্রমাণ করেছে, ছাত্রলীগ এখন আর কোনো ছাত্রসংগঠন নয় বরং জঙ্গি সংগঠন।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেষ্টিত হয়ে, সরকারের প্রত্যক্ষ মদদ নিয়ে অনেক বড় বড় কথাই বলা যায়। লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিপক্ষকে মোকাবিলা করার সাহস হারিয়ে ছাত্রলীগ এখন উল্টাপাল্টা বকছে। আওয়ামী লীগের সহযোগী এই সংগঠনটি সরকারের ছত্রছায়ায় বরাবরই ব্যস্ত থেকেছে টেন্ডারবাজি, অস্ত্রবাজি আর দখলবাজি নিয়ে।’
বিবৃতিতে ছাত্রদলের নেতারা বলেন, অবিলম্বে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে সোহরাওয়ার্দী উদ্যানের দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলার ভাষা পরিহার করে রাজনৈতিক শিষ্টাচার আত্মস্থ করতে হবে। অন্যথায় এ ধরনের ভাষা অব্যাহত রাখলে দেশব্যাপী এই জঙ্গি ছাত্রলীগকে প্রতিহত করা হবে। একই সঙ্গে তাঁরা বকশীবাজারের সহিংসতার জন্য ছাত্রলীগকে দায়ী করেন।