ছাত্রলীগকে কেউ কলঙ্কিত করতে পারেনি: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ছাত্রলীগকে কেউ কখনো কলঙ্কিত করতে পারেনি। অনেক সময় সুবিধাভোগী কেউ ছাত্রলীগে অনুপ্রবেশ করে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে পারে। তিনি সেই দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের খেয়াল রাখার আহ্বান জানান।
রাজধানীর কলাবাগান মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের কাছে ফরম বিক্রির সমুদয় টাকা নেপালে ভূমিকম্পদুর্গতদের জন্য নেপালি স্টুডেন্টস ফোরামের হাতে তুলে দেন।
তোফায়েল আহমেদ দাবি করেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন। ভারত বিরোধিতা করে রাজনীতিতে সফল হওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তী স্বৈরশাসক একই কাজ করেছিলেন। খালেদা জিয়া ’৯১-তে ক্ষমতায় এসেও গঙ্গার পানি নিয়ে আলাপ করেননি, বলেছিলেন ভুলে গেছি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করেছেন। ২০০৯-এ সরকার গঠন করে মনমোহন সিংয়ের সঙ্গে প্রটোকল সই করেছিলেন, সেটাও অনুমোদিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। আমরা বাণিজ্য চুক্তি করব। আমরা অনেকগুলো চুক্তি করব। ভারতের সঙ্গে আমাদের যে বিবদমান সমস্যা ছিল, সেগুলো আমরা সমাধান করেছি। আমরা বিশ্বাস করি, তিস্তার পানির ন্যায্য হিস্যাও পাব।’
‘বিএনপি কখনো ভারত বিরোধিতা করেনি, করবেও না’—বিএনপির নেতা আসাদুজ্জামান রিপনের এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘২০০৮ সালের নির্বাচনেই তো তারা বলেছিল, নৌকায় ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। এখন মোদি আসছেন। তাই এ কথা। কথায় বলে ঠেলার নাম বাবাজি।’
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাংসদ ফজলে নূর তাপস, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত শিকদার, বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান, মহানগর উত্তরের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তাসভীরুল হক প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক।