ছাত্রলীগকে নিয়ে 'আশায় বুক বাঁধছেন' খায়রুজ্জামান
রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেছেন, ‘আমি যখন প্রার্থী হয়েছিলাম (সিটি মেয়র পদে) ২০০৮ এ, সেবার আমি জয়লাভ করেছিলাম। আমি যখন প্রার্থী হলাম ২০১৩তে, সেবার অপ্রত্যাশিতভাবে হেরে গেলাম। এই সেই ছাত্রলীগ, যে ছাত্রলীগ প্রতিবার সবচেয়ে মন দিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। পাড়ায়-মহল্লায় গিয়ে মা-বোনদের কাছে ভোট চেয়েছে। আজকে তাই আমরা আশায় বুক বাঁধি।’
গতকাল রোববার রাজশাহী নগরের আলুপট্টিতে অনুষ্ঠিত বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান এসব কথা বলেন। রাজশাহীর আগামী সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ প্রসঙ্গ আনেন।
‘আশায় বুক বাঁধার’ কারণ হিসেবে খায়রুজ্জামান বলেন, ‘৩৭টি সাংগঠনিক ওয়ার্ডে যদি আমি ২০টি করে ছেলে পাই, তাহলে প্রায় পৌনে এক হাজার ছাত্র আমার কর্মী হিসেবে বাড়ি বাড়ি মা-বোনদের কাছে যেতে পারবে।’ ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা যে আবদার করবে সেই আবদারে তোমার পরিবার-প্রতিবেশী নৌকা মার্কায় ভোট দেবে। নৌকা মার্কায় ভোট দিয়ে রাজশাহী এবং বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে আগামী দিনে।’
বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল, শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অনিকা ফারিহা জামান প্রমুখ।