ছাত্রলীগকে নিয়ে 'আশায় বুক বাঁধছেন' লিটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে ছাত্রলীগ যেভাবে মা, বোন, চাচি-খালাদের কাছে ভোট চাইতে পারে, অন্যরা সেভাবে পারে না। আর তাই ছাত্রলীগকে নিয়ে ‘আশায় বুক বাঁধছেন’ রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী নগরের আলুপট্টিতে বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আজ রোববার এ এইচ এম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন। আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে লিটন এ প্রসঙ্গ আনেন।


সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেছেন, ‘আমি যখন প্রার্থী হয়েছিলাম (সিটি মেয়র পদে) ২০০৮ সালে, সেবার জয়লাভ করেছিলাম। আমি যখন প্রার্থী হলাম ২০১৩-তে, সেবার অপ্রত্যাশিতভাবে হেরে গেলাম। এই সেই ছাত্রলীগ, যে ছাত্রলীগ প্রতিবার সবচেয়ে মন দিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। পাড়ায়-মহল্লায় গিয়ে মা-বোনদের কাছে ভোট চেয়েছে। আজকে তাই আমরা আশায় বুক বাঁধি।’

নগর ছাত্রলীগ সূত্রে জানা গেছে, নগর ছাত্রলীগের পাঁচটি সাংগঠনিক থানা এবং ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড আছে। এর মধ্যে চতুর্থ থানার সম্মেলন আজ অনুষ্ঠিত হলো। থানার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোরও সম্মেলন হয়েছে। শাহ মখদুম থানা ছাত্রলীগের সম্মেলন হলে সব কটি সম্পন্ন হবে।

‘আশায় বুক বাঁধার’ কারণ হিসেবে খায়রুজ্জামান বলেন, ‘৩৭টি সাংগঠনিক ওয়ার্ডে যদি আমি ২০টি করে ছেলে পাই, তাহলে প্রায় পৌনে এক হাজার ছাত্র আমার কর্মী হিসেবে বাড়ি বাড়ি মা-বোনদের কাছে যেতে পারবেন।’ ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যেভাবে মা, বোন, চাচি-খালাদের কাছে গিয়ে ভোট চাইতে পারবে, আমরা সেভাবে পারি না। তোমরা যে আবদার করবে, সেই আবদারে তোমার পরিবার-প্রতিবেশী নৌকা মার্কায় ভোট দেবে। নৌকা মার্কায় ভোট দিয়ে রাজশাহী এবং বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে আগামী দিনে।’

সাবেক মেয়র খায়রুজ্জামান বলেন, বিএনপি-জামায়াত আবারও দেশে আন্দোলনের নামে নাশকতা চালানো ষড়যন্ত্র করছে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করে কেউ সফল হতে পারবে না। ছাত্রলীগ সে আন্দোলন সফল হতে দেবে না। অতীতেও দেয়নি।

বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল, শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অনিকা ফারিহা জামান প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদ হাসান।