ছাত্রলীগকে শিক্ষার পরিবেশে খেয়াল রাখতে বললেন আশরাফ
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ যাতে কেউ কলুষিত করতে না পারে, সেদিকে ছাত্রলীগকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল রোববার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই আহ্বান জানান।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট নেই। আবাসিক হলগুলোতে বন্দুকের আওয়াজ শোনা যায় না। এটা সরকারের যেমন সাফল্য, তেমনি ছাত্রলীগেরও সাফল্য। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘এ দেশের মানুষ হানাহানির ছাত্ররাজনীতি দেখতে চায় না। তাই ছাত্রলীগকে শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ জন্য প্রয়োজনে অন্যান্য দলের ছাত্রসংগঠনের সহায়তাও নিতে হবে।’
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি প্রতিষ্ঠা করার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী নিজেও ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগকে যথাযথ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।