ছাত্রলীগকে স্বার্থরক্ষার পাহারাদার বানাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগকে স্বার্থরক্ষার পাহারাদার হিসেবে ব্যবহার না করতে নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাতে আপনাদের ক্ষতি হবে, ছাত্রলীগেরও ক্ষতি হবে। ঘরের মধ্যে ঘর করবেন না।’ গতকাল শনিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই সভা হয়। সভায় ছাত্রলীগকে সতর্ক করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় মুখোমুখি, কথায় কথায় মারামারি, কথায় কথায় খুনোখুনি বন্ধ করতে হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ হলে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কাউকে রেহাই দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ‘নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন, ছাত্রলীগ খারাপ খবরের শিরোনাম হবে না। গুটি কয়েকের অপকর্মের জন্য আমাদের বিশাল কীর্তিকে, শেখ হাসিনার কীর্তিকে জিম্মি করতে পারি না।’

জায়গায় জায়গায় কলহের আগুন ছড়িয়ে এবং অপকর্ম করে দলের কিছু নেতা-কর্মী উন্নয়নকে ম্লান করে দিচ্ছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো কাজ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ঘরের কথা ঘরেই রাখবেন। চা-দোকানে বসে পার্টির সমালোচনা, নেতাদের সমালোচনা করলে ইজ্জত বাড়বে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ক্ষমতা পাওয়ার জন্য বেপরোয়া হয়ে গেছে। কোন সময় কী করে ফেলে, বলা যায় না। মাঝে মাঝে যা হয়, এখানে-ওখানে, সিলেটে, মিরসরাইয়ে, সীতাকুণ্ডে, ঢাকার আশকোনা, কল্যাণপুরে। পেছনে কারা? বিএনপি।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ করি বলে আমার মর্যাদা আছে। আওয়ামী লীগে না থাকলে আমি রাস্তার মানুষ। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি সব সময় বলে, তারা নাকি ইসলামের ধারক-বাহক। এখন বিএনপির গায়ে জ্বালা ধরেছে। তারা খুশি হতে পারেনি। তারা ভেবেছে, কওমি মাদ্রাসার স্বীকৃতির কারণে বিএনপির প্রতি অনাস্থা আসবে।

সভায় রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমউদ্দীন খান বক্তৃতা করার সময় নেতা-কর্মীদের চিৎকারে বাধার সম্মুখীন হন। পরে স্থানীয় সাংসদ ফজলে করিম চৌধুরীর হস্তক্ষেপে তিনি বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি উপজেলা আওয়ামী লীগে দলীয় কোন্দল নিরসনের দাবি জানান।