ছাত্রলীগকে 'জঞ্জাল'মুক্তের আহ্বান খাদ্যমন্ত্রীর
ছাত্রলীগকে ‘জঞ্জাল’মুক্ত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আজ মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে সপ্তাহব্যাপী (১ থেকে ৭ ডিসেম্বর) ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেফ ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধন করে মন্ত্রী এ আহ্বান জানান।
এর আগে গতকাল সোমবার ছাত্রলীগের নেতা-কর্মীদের বেপরোয়া রাজনীতি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শুধু শিক্ষাঙ্গন বা পরিবেশ আবর্জনামুক্ত নয়, ছাত্ররাজনীতিকেও পরিচ্ছন্ন রাখতে হবে।
বেপরোয়া না হতে ছাত্রলীগকে পরামর্শ মন্ত্রীর
খাদ্যমন্ত্রী বলেন, যারা খারাপ তাদের থেকে ছাত্রলীগকে ‘জঞ্জাল’মুক্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে ছাত্রলীগের ঐতিহ্য। আর যারা দেশের বিরুদ্ধে কথা বলে, তাদের থেকে ক্যাম্পাস মুক্ত রাখতে হবে।
কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, সুস্থ্য থাকতে হলে নিজের চারপাশ পরিষ্কার রাখতে হবে। তাই এসব কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল বালা, আওয়ামী লীগ–সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি আশরাফ-উল-আলম প্রমুখ বক্তব্য দেন। পরে ক্যাম্পাস পরিষ্কার করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।