ছাত্রলীগনেতা হত্যার আলামতেও আত্মহত্যার প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফ কার্ডের তালিকা করতে সেদিন সারা দিনই বাড়িতে ছিলেন তরুণ জনপ্রতিনিধি ও সাবেক ছাত্রলীগ নেতা মোনায়েম খান (৩০)। বিকেলের নাশতা সেরে সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি। পরদিন, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ভোরে ৩৫ ফুট উঁচু আকাশিগাছের ডালে গ্রামবাসী তাঁর দেহটি ঝুলতে দেখেন।

মোনায়েম খান ছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক। ২০১৬ সালের জুনে তিনি উপজেলার রামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ভোরেই এলাকাবাসী ত্রিশাল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসার পর থেকেই বলতে থাকে মোনায়েম আত্মহত্যা করেছেন। নিজেদের করা সাধারণ ডায়েরির (জিডি) প্রতিবেদনে আত্মহত্যার কথা লেখা হয়। আর এই সিদ্ধান্তের ভিত্তি ছিল ময়নাতদন্ত প্রতিবেদন। শেষ পর্যন্ত এ ঘটনার কোনো মামলা নেয়নি থানা-পুলিশ। নিহত মোনায়েমের স্বজনেরা আদালতে গিয়ে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশেরই আরেক তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তের দায়িত্ব পায়। তদন্তে দেখা যায়, প্রেমঘটিত জটিলতা ও রাজনৈতিক বিরোধের জেরে মোনায়েমকে খুন করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত ১১ জন। পিবিআই পাঁচজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ময়মনসিংহ পিবিআইর অতিরিক্ত উপপুলিশ সুপার মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, গাছের যে ডালে মোনায়েম খানের লাশ ঝুলছিল, তার উচ্চতা মাটি থেকে ৩৫ ফুট। এত উঁচুতে উঠে কোনো ব্যক্তির আত্মহত্যা করার কোনো যৌক্তিকতা নেই। তা ছাড়া ডালে লাশটি রশি দিয়ে ওপরে টেনে তোলার স্পষ্ট দাগ ছিল। শরীরেও ছিল আঘাতের স্পষ্ট চিহ্ন।

মোনায়েমের বাবা জমাত আলী প্রথম আলোকে বলেন, মোনায়েম আত্মহত্যা করেছে এটা পুলিশ এমনভাবে বলছিল, যেন মোনায়েম তাদের বলে এসে আত্মহত্যা করেছে।

পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া আসামি জাফরুল ইসলাম পুরো হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, চিরতল বিল পানি ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় বাসিন্দা আকরামের সঙ্গে মোনায়েমের বিরোধ ছিল। আর ইউপি নির্বাচন নিয়ে মোনায়েমের সঙ্গে বিরোধ ছিল স্থানীয় আনসার, কাইয়ুম ও মহিউদ্দিনের। এই আনসারের এক মেয়ের সঙ্গে মোনায়েমের সম্পর্ক ছিল। এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

জাফরুল বলেছেন, আনসারের নেতৃত্বে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী একই এলাকার তারা মিয়ার বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে এনে মোনায়েমকে হত্যার ছক তৈরি করা হয়। ঘটনার দিন মোনায়েম তারা মিয়ার বাড়িতে দাওয়াত খেতে এলে পোলাও ও গরুর মাংস খাওয়ানো হয়। এক ফাঁকে আনসারের ছেলে নাঈম মোনায়েমের খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। পানি খেয়ে মোনায়েম অচেতন হয়ে পড়লে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এরপর মোনায়েমকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে নাইলনের রশি দিয়ে মৃতদেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়। সিএনজিচালক মোস্তাকিম এবং সিরাজুল ইসলাম নামে যে ব্যক্তির দোকান থেকে রশি কেনা হয়েছিল, তিনিও আদালতে জবানবন্দি দিয়েছেন।

মোনায়েম খানের বড় ভাই মো. গোলাপ শেখের অভিযোগ, অর্থের লেনদেনের কারণেই মূলত পুলিশ ও ময়নাতদন্তকারী কর্মকর্তা পুরো ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজিয়েছিলেন।

ত্রিশালের তখনকার ওসি মনিরুজ্জামান এখন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, মোনায়েমের পরিবার প্রথমে মামলা করেনি, তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চেয়েছিল। তাহলে আদালতে গিয়ে কেন মামলা করল এই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

এখন কি মনে হয় মোনায়েম আত্মহত্যা করেছিলেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, খুনিরা স্বীকারোক্তি দিয়েছে যখন, তখন তো আর আত্মহত্যা মনে হওয়ার কারণ নেই। এখন মনে হচ্ছে ময়নাতদন্তকারী ডাক্তারকে আসামিরা প্রভাবিত করেছিল। হয়তো লেনদেনও হয়েছিল। মোনায়েম খানের পরিবার বলছে, আপনিও অর্থের বিনিময়ে মামলা নেননি। এর জবাবে মনিরুজ্জামানের উত্তর, ‘পুলিশ টাকা খায়, তদন্ত করে না, এটা তো ভাই এখন প্রবাদ বাক্য হয়ে গেছে।’

জানতে চাইলে মোনায়েমের লাশের ময়নাতদন্তকারী ডাক্তার কাজী মুখলেসুর রহমান বলেন, পুলিশ সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যা লিখেছিল বলেই ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা এসেছে। অর্থের বিনিময়ে প্রভাবিত হয়েছিলেন কি না এমন প্রশ্নের জবাব তিনি বারবার এড়িয়ে গেছেন।