ছাত্রলীগে কিছু আপদ আছে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছাত্রলীগের মধ্যে কিছু আপদ আছে’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ছাত্রলীগকে আপদমুক্ত করতে হবে। আজ শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্পদ যদি আপদ হয় তবে তা আমাদেরই সুনাম নষ্ট করবে। সারা দেশে কিছু কিছু আপদ আছে। এসব আপদের জন্য আমাদের সুনাম নষ্ট হচ্ছে। আমাদের এসব আপদকে মুক্ত করে ছাত্রলীগকে গড়ে তুলতে হবে।’

মন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক নেই বলে পদ্মা সেতু হবে না, এটি একসময় স্বাভাবিক ভাবনা ছিল। কিন্তু বর্তমান সরকার সেই ভাবনাকে অমূলক প্রমাণ করেছে। বিশ্বব্যাংক ছাড়াই পদ্মাসেতুর নির্মাণকাজ হাতে নিয়েছে। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী মূল পাইলিং এবং খুঁটি স্থাপনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করবেন। এ সেতুর মাধ্যমে বাংলাদেশ এক সময় হংকংয়ের মতো মেগা সিটি হবে বলেও মন্তব্য করেন তিনি।

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাবুল হাজরার সম্মেলনে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান।