
বরিশালে ছাত্রলীগ নেতা রেজাউল করিম হত্যাকাণ্ড নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ হত্যা মামলায় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনকে আসামি করায় এ বিভক্তির সৃষ্টি হয়েছে। দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে। তবে দুই পক্ষই রেজাউল হত্যার বিচার চাইছে।
ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে রেজাউল হত্যার সঙ্গে সরাসরি যুক্ত সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় একজন আসামি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু ছাত্রলীগ দুই পক্ষে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় আমাদের সেদিকে ব্যস্ত থাকতে হচ্ছে। তাই এই সুযোগ তো হত্যাকারী সন্ত্রাসীরা নেওয়ার চেষ্টা করবেই। তারপরও আমরা সর্বাত্মক চেষ্টা করছি হত্যার সঙ্গে যুক্ত সবাইকে গ্রেপ্তার করতে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
গত ২৭ মে রাত পৌনে ১০টার দিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে দলীয় প্রতিপক্ষের কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রেজাউল। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় তাঁর বড় ভাই মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনসহ ১৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
ওই মামলায় জসিমউদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে মহানগর ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। এই পক্ষটি যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।
আবদুর রাজ্জাকের নেতৃত্বে নেতা-কর্মীদের মানববন্ধন কর্মসূচি একপর্যায়ে বিক্ষোভে রূপ নেয়। পরে তাঁরা পুরো সদর রোড অবরোধ করে রাখেন। এতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দিতে কোনো উদ্যোগ নেয়নি। নেতা-কর্মীরা চলে যাওয়ার পর বেলা পৌনে একটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে মহানগর ছাত্রলীগের একটি অংশ ৩০ মে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সাগরদী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা রেজাউল হত্যা মামলায় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনকে আসামি করায় এ বিক্ষোভ দেখায়। জসিমউদ্দিন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজের অনুসারী হিসেবে পরিচিত।
জানতে চাইলে মহানগর ছাত্রলীগ নেতা জসিমউদ্দিন বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য আমাকে আসামি করা হয়েছে। এটা মূলত হাসানাত পরিবারের ষড়যন্ত্র। তারা আমাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই কাজগুলো করছে। আমি রেজাউল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’