ছাত্রলীগে 'আদু ভাই'রা নেতৃত্ব দেয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন বলেছেন, ছাত্রলীগে ‘আদু ভাই’রা নেতৃত্ব দেয় না। সঠিক সময়ে নেতৃত্ব পরিবর্তন করে দেয়। আর বখাটে নয়, ছাত্রলীগের নেতাদের উন্নত চরিত্রের হতে হয়।
আজ বুধবার ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লিটন এসব কথা বলেন। সকাল ১০টায় রাজশাহী কলেজের শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিটন বলেন, ছাত্রলীগ বাংলাদেশের রাজনীতির সূতিকাগার। এ দল থেকেই দেশের বড় বড় নেতা তৈরি হয়েছে। এ জন্য ছাত্রলীগের কর্মীদের উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। যদি শোনা যায় ছাত্রলীগের কেউ কাউকে ‘ডিস্টার্ব’ করেছে, দোকানে খেয়ে টাকা দেয়নি, তবে এ রকম সুযোগসন্ধানী, পদের অপব্যবহারকারীদের ক্ষমা করা হবে না। তিনি আরও বলেন, কিছু পত্রিকা ও মিডিয়া এবং টক শোতে আসা ‘জ্ঞানী’ ব্যক্তিরা সব সময় ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে ব্যস্ত থাকেন। কিন্তু তাঁদের ইতিহাস জানা উচিত—ছাত্রদের হাতে প্রথম অস্ত্র তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান, রগ কাটার রাজনীতি শুরু করেছিল জামায়াত-শিবির।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতৃত্বে যাঁরা থাকেন, তাঁরা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই মহানগর ছাত্রলীগের কমিটি ত্যাগী, যোগ্য, দক্ষ ও শিক্ষিত নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে।
রাজশাহী সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে ওই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সদ্যবিদায়ী সভাপতি শফিকুজ্জামান শফিক।
সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ছাত্রলীগের প্রত্যাশা ও প্রাপ্তি শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। রাজশাহী মহানগর ছাত্রলীগে যে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে, তাঁদের রাজশাহী অঞ্চলের ছাত্রদের নেতৃত্ব দিতে হবে।
১০টায় সম্মেলন শুরু হয়ে প্রথম অধিবেশন শেষ হয় বেলা তিনটায়। দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল পাঁচটায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান জানান, সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ১৩ জন আবেদন করেছেন। মহানগর কার্যালয়ে ওই ২০ জনের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় নেতারা। সেখান থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
২০১০ সালের ৩ জুন গঠন করা মহানগর ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে আসতে চার বছর পর ওই সম্মেলনের আয়োজন করা হয়।