ছাত্রলীগের ইতিবাচক সংবাদ ও কর্মসূচি বর্জন
বিজয় একাত্তর হলের ঘটনার সংবাদ সংগ্রহ শেষে কক্ষে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় ওই হলের কমিটি বিলুপ্তির দাবিতে ছাত্রলীগের সব ধরনের ইতিবাচক সংবাদ ও কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
আজ শুক্রবার সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রলীগের হামলায় বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসাইনের আহত হওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এর আগে হল কমিটি বিলুপ্তির দাবিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল সাংবাদিক সমিতি। কিন্তু এই সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় সাংবাদিক সমিতি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
সাংবাদিক নেতৃদ্বয় তাঁদের এ সিদ্ধান্ত বাস্তবায়নে গণমাধ্যমের সব কর্মীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।