ছাত্রলীগের ওপর দায় চাপানো সমর্থনযোগ্য নয়: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদসহ অন্যরা। ছবি: সংগৃহীত
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদসহ অন্যরা। ছবি: সংগৃহীত

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা সমর্থনযোগ্য নয় বলেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। এ ছাড়া ছাত্রলীগের ওপর দায় চাপানোকে তিনি সমর্থনযোগ্য মনে করছেন না। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 
হাছান মাহমুদ বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর এই হামলা সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনি ছাত্রলীগের ওপর দায় চাপানোটাও সমর্থনযোগ্য নয়। কিন্তু মাহমুদুর রহমান কাবা শরিফের ছবি বিকৃতি করে প্রকাশ করে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছিলেন। একটি পত্রিকার সম্পাদক হয়ে তিনি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবার নিয়ে অকথ্য, অশালীন ভাষায় কথা বলেছেন। এখন দুষ্কৃতকারীরা হামলা করার পর ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।’ 
এই আওয়ামী লীগ নেতা বলেন, কোটা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন মাহমুদুর রহমানকে নিয়ে নাটকে নেমেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেব রাজনীতির কাক। আপনি করতেন বামপন্থী দল। সেখান থেকে ডানপন্থী বিএনপিতে চলে গেলেন। অর্থাৎ আপনি আপনার নীতি-আদর্শ বাদ দিয়ে ক্ষমতার উচ্ছিষ্টের লোভে বিএনপি হয়েছেন।’ 
তাজউদ্দীন আহমদকে নিয়ে হাছান মাহমুদ বলেন, তাজউদ্দীন আহমদের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে। তাজউদ্দীন আহমদসহ তাঁর সহচরেরা রাজনীতিকে ব্রত হিসেবে গ্রহণ করে জীবনকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতির মাঠে নেমেছিলেন। 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস প্রমুখ।