শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কলেজ শাখার নতুন কমিটি গঠনের সাত দিনের মাথায় তা বাতিল করা হয়েছে।
মেডিকেল কলেজ ছাত্রলীগের একটি সূত্র জানায়, ১৫ অক্টোবর মহানগর ছাত্রলীগের আওতাধীন মেডিকেল কলেজ শাখার কমিটি গঠন করা হয়। ৬১ সদস্যের কমিটির মধ্যে সভাপতি সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক ফারহান রহমানের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। কিন্তু ২২ অক্টোবর কমিটি বিলুপ্ত ঘোষণা করার পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন থেকে বহিষ্কার করে মহানগর কমিটি।
এদিকে নতুন কমিটি গঠন ও তা বাতিল করা নিয়ে মেডিকেল কলেজে ছাত্রলীগের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্রলীগের এক নেতা বলেন, কমিটির বাকি সদস্যদের নাম উল্লেখ করে একটি রঙিন পোস্টার কলেজের ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন স্থানে টানানো হয়েছে। এর পরই কমিটি বাতিল করে দেওয়া হয়।
২২ অক্টোবর মহানগর ছাত্রলীগের সভাপতি ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মেডিকেল কলেজ শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনপরিপন্থী কাজে লিপ্ত থাকায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে মহানগর কমিটি কর্মিসভা করবে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে কমিটি গঠন করা হবে।
মহানগর ছাত্রলীগের সভাপতি ইউনুছ আলী জানান, মেডিকেল কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কিন্তু তাঁরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে রঙিন পোস্টার ছাপান এবং তা প্রচারের ব্যবস্থা করেন। এ কারণে কমিটি বাতিল এবং সভাপতি ও সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সরওয়ার আলম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। তাঁর দাবি, তিনি নতুন কমিটি বাতিলের কোনো চিঠি পাননি।