ছাত্রলীগের কমিটি থেকে ৭৯ নেতা-কর্মীর পদত্যাগ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি থেকে ৭৯ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন এবং সাংবাদিকদের সামনে দপ্তর সম্পাদক আতিক শাহরিয়ারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছাত্রীদের হয়রানি, শিক্ষকদের লাঞ্ছিত করাসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ এনে তাঁদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন পদত্যাগ করা নেতা-কর্মীরা। পদত্যাগ করা নেতাদের মধ্যে একজন সহসভাপতি, তিনজন যুগ্ম সম্পাদক, তিনজন সাংগঠনিক সম্পাদক ছাড়াও বিভিন্ন হল ইউনিটের ১২ জন নেতা রয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য পদত্যাগ করা যুগ্ম সম্পাদক খন্দকার তায়েফুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৩ সালের ৮ মে পদ পাওয়ার পর থেকেই ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ছাত্রলীগের আদর্শ থেকে বিচ্যুত হয়ে ছাত্রলীগের বর্তমান সভাপতি মুর্শেদুজ্জামান খান ওরফে বাবু এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উচ্চপর্যায়ের কয়েকজন নেতা ক্যাম্পাসে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছাত্রী হয়রানি, শিক্ষকদের লাঞ্ছিত করাসহ সংগঠনবিরোধী বিভিন্ন কাজ করে আসছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুগত নেতা-কর্মীরা শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকাবাসীকে নির্যাতন করছেন। এর দায়ভার কমিটির অন্য সদস্যরা নিতে পারেন না। তাই তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সভাপতি-সম্পাদকসহ অনেক নেতার বিরুদ্ধে চারটি পৃথক মামলা রয়েছে। এরই মধ্যে সাতজন নেতা কারাগারে রয়েছেন। তাঁদের মধ্যে পুলিশের করা অস্ত্র মামলায় গ্রেপ্তার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রয়েছেন। এ ছাড়া ১০ জন নেতা পলাতক রয়েছেন। সভাপতি-সম্পাদকসহ মামলার আসামি ওই নেতাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
ছাত্রলীগের বর্তমান এই কমিটির মেয়াদ পার হয়ে গেছে। সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতা-কর্মীরা মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় এবং মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খানের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় আধিপত্য নিয়ে গত নভেম্বর থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৭ জুলাই ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় জসিমের বাড়িতে ভাঙচুর চালাতে গেলে এলাকাবাসী তাঁদের ওপর মারমুখী হন। পরের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে হল খালি করে দেয়। এরপর থেকেই মুর্শেদুজ্জামান ও তাঁর সমর্থকেরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। মধ্যম ও নিম্নপর্যায়ের নেতারা ক্যাম্পাস দখলে রেখেছেন। ওই নেতারাই গতকাল সংবাদ সম্মেলন করে কমিটি থেকে পদত্যাগ করলেন।