মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ১১ মাসেরও বেশি সময় আগে। এরপর থেকে যোগ্য নেতৃত্বের
অভাব ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা সম্ভব হয়নি। এতে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৪ সালের ৩০ নভেম্বর। সম্মেলনের তিন দিন পর সভাপতি পদে সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এনামুল হকের নাম ঘোষণা করা হয়। পরের বছরের ২৩ জুলাই ১৫৪ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। একই দিন চাঁদাবাজিসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাদিকুল ও এনামুলকে বহিষ্কারের দাবি জানিয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ জেলা আওয়ামী লীগের নেতারা। এর পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটি বাতিল ঘোষণা করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকার কারণে দলীয় কর্মকাণ্ড নেই। এতে দলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আওয়ামী লীগ বা অন্য সংগঠনের ব্যানারে কর্মসূচিতে ছাত্রলীগের কেউ কেউ অংশ নিচ্ছেন। এ ছাড়া ছাত্রদল থেকে বিভিন্ন অনুপ্রবেশকারীও ছাত্রলীগে ঢুকে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনের এক নেতা বলেন, দলীয় শৃঙ্খলা না থাকায় নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্ব দেখা দিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের কেউ কেউ পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। প্রায় দেড় মাস আগে জেলা শহরে সভাপতি প্রার্থী তাপস সাহা ও রাজু আহম্মেদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজুসহ আরও দুই কর্মী আহত হন। এ ছাড়া অন্যান্য সভাপতি প্রার্থীদের সমর্থকদের মধ্যেও মাঝেমধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।
তাপস সাহা বলেন, কমিটি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে দূরত্বের সৃষ্টি হচ্ছে। ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে সাংগঠনিক কমিটি গঠনের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী করা প্রয়োজন।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, কমিটি না থাকায় জেলা ছাত্রলীগ অভিভাবকহীন হয়ে পড়েছে। দলীয় নেতা-কর্মীদের কেউ কেউ বেপরোয়া হয়ে উঠছেন। কেউ কেউ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এতে ঐতিহ্যবাহী ও আদর্শিক এ সংগঠনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যোগ্য নেতৃত্ব ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী নেতাদের নিয়ে জেলা ছাত্রলীগের একটি শক্তিশালী কমিটি গঠন জরুরি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক উপসম্পাদক রাসেল হোসাইন বলেন, একটি অভিযোগের মধ্য দিয়ে জেলা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। কাজেই যোগ্য নেতৃত্ব খুঁজে পেতে কিছুটা সময় লেগে যাচ্ছে।
গতকাল সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যোগ্য ও সাংগঠনিক নেতৃত্ব যাচাই-বাছাইয়ের কারণে মানিকগঞ্জে জেলা কমিটি গঠনে কিছুটা সময় লাগছে। তবে এক-দেড় মাসের মধ্যে আদর্শবান ও মেধাবী ছাত্রদের নিয়ে শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে।