ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা, ক্লাস-পরীক্ষা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে গতকাল বুধবার দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। বিদায়ী কমিটির নেতারা ক্লাস বর্জনের ডাক দিয়ে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দিলে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরে দুপুরের দিকে পুলিশ ও শিক্ষকদের সহযোগিতায় তালা খুলে দেয় নতুন কমিটি।
সংগঠন সূত্রে জানা যায়, মাসুদ পারভেজকে সভাপতি ও গৌরাঙ্গ চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে গত সোমবার এই কমিটি করা হয়। নতুন কমিটি গঠনের বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাত একটার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ মিছিল বের করে। তাদের অভিযোগ, পুরোনো কমিটির কাউকে না জানিয়ে নতুন কমিটি করা হয়েছে।
এরপর গতকাল সকালে কলেজের প্রধান ফটকে তালা মেরে দেন বিদায়ী কমিটির নেতা-কর্মীরা। ফলে কলেজে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। সেই সঙ্গে প্রথম বর্ষের একটি পরীক্ষাও হয়নি। ক্লাস ও পরীক্ষার জন্য শিক্ষার্থীরা কলেজে উপস্থিত হলেও পরিস্থিতি দেখে ফিরে যান। তবে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও সহিংস কোনো ঘটনা ঘটেনি। বেলা একটা পর্যন্ত এ অবস্থা চলে।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ হাজির হয়। পুলিশ ও শিক্ষকদের সহায়তায় ছাত্রলীগের নতুন কমিটির নেতারা কলেজের প্রধান ফটকের তালা খুলে দেন। বিদায়ী কমিটির সভাপতি মাহফুজুল হক তালুকদার অভিযোগ করেন, ‘আমাদের কাউকে না জানিয়ে হঠাৎ করেই নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে কলেজের প্রধান ফটকে তালা মেরে দিলে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়।’
আর নতুন কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সাহা বলেন, ওই (বিদায়ী) কমিটির মেয়াদ শেষ। কেন্দ্রের নির্দেশে নয় সদস্যের নতুন কমিটি করে দেওয়া হয়েছে। নতুন কমিটিতে পদ না পাওয়া অনেকে কলেজের প্রধান ফটকে তালা মেরে দিয়েছিলেন। পরে পুলিশ ও শিক্ষকদের সহায়তায় সেই তালা খোলা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। যোগাযোগ করলে কলেজের অধ্যক্ষ সৈয়দ আবু তালেব প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায়। তবে ঘটনা জেনেছি। আশা করি বিষয়টি ঠিকঠাক হয়ে যাবে।’
ক্যাম্পাসে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম।