ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গতকাল বুধবার বিকেলে মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন, ২০০৪ সালের মার্চে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। ওই কমিটিতে হারুন অর রশিদ সভাপতি ও ওয়াসেক বিল্লাহ ওরফে শামীম সাধারণ সম্পাদক হন।
গতকাল বিকেলে বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা ছাত্রলীগের কর্মীরা মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি জানিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরের কাছে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, ‘কমিটি গঠনের জন্য আমরা নিয়মমতো কাজ করে যাচ্ছি। যারা বিক্ষোভ করে তারা আসলে ছাত্রলীগের কেউ নয়। ছাত্রলীগকে দুর্বল করার জন্য ভাড়াটে লোকজন দিয়ে এ মিছিল ও বিক্ষোভ সাজানো হয়েছে।’