ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণিতে ‘ভর্তি-বাণিজ্যে’ যুক্ত থাকার অভিযোগে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, জেলা ছাত্রলীগের জরুরি সভায় সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য মুজিবুর রহমান মহিলা কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পরে জেলা ছাত্রলীগের সভাপতি মুঠোফোনে জানান, যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে এক মাসের মধ্যে পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে ওই কলেজের কমিটি গঠন করে দেওয়া হবে।
কলেজ সূত্রে জানা যায়, অপেক্ষমাণ তালিকায় নাম থাকার পরও ছাত্রলীগের নেত্রীদের টাকা না দিয়ে মুজিবুর রহমান মহিলা কলেজে কেউ ভর্তি হতে পারছে না।
অপেক্ষমাণ তালিকার বদলে ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে ছাত্রলীগের নেত্রীরা তাঁদের পছন্দের শিক্ষার্থী ভর্তি করছেন। এর সঙ্গে কলেজ ছাত্রলীগের সভাপতি আনজুমান আরা, সাধারণ সম্পাদক রত্না সরকার, সাংগঠনিক সম্পাদক সুমি খাতুন, যুগ্ম সম্পাদক রুকাইয়া সরকার ও তমানিয়া আফরিনসহ কয়েকজন জড়িত বলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করে।
তবে ওই নেত্রীরা ভর্তি-বাণিজ্যের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘ছাত্রলীগের বিরুদ্ধে ভর্তি-বাণিজ্যের অভিযোগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এরপরই জেলা ছাত্রলীগ জরুরি সভা করে কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্ত নেয়।