ছাত্রলীগের কমিটিতে ছাত্রদলের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে ছাত্রদলের এক নেতাকে সাধারণ সম্পাদক করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে খুলনা প্রেসক্লাবে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কমিটির সদস্যরা।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সাবেক সভাপতি রাসেল আহমেদ। তিনি বলেন, ৭ মে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির প্রায় সব সদস্যকে না জানিয়ে কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে আবদুস সোবাহান খানকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। আবদুস সোবাহান ২০১২ সাল থেকে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন বলেন, সোবাহান ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ছাত্রলীগে যোগদানের ব্যাপারে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। পরের সভায় তাঁকে বহিষ্কার করা হবে।
সোবাহান খান বলেন, ‘আমার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ওই সময় আমাকে না জানিয়ে ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। ছাত্রদলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
রাসেল আরও অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছেন। কমিটি করার আগে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি নেওয়া হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মেহেদী হাসানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন বলেন, ‘আমাদের না জানিয়ে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন করা হয়েছে। ওই সম্মেলনে ছাত্রদলের নেতাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক করার অভিযোগ পেয়েছি। এটা খুবই দুঃখজনক। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’