ছাত্রলীগের কমিটি-বাণিজ্য নিয়ে তদন্তের আহ্বান সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কমিটি-বাণিজ্য নিয়ে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিহত সুমনের পরিবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাঁরা আজন্ম আওয়ামী লীগ পরিবার। এর পরও ছাত্রলীগের কেন্দ্র থেকে কীভাবে বলা হলো, তিনি ছাত্রলীগের কেউ নন? এ নিয়ে সিলেটবাসীর সঙ্গে আমারও কষ্ট।’
গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, সিলেটে লন্ডন-ফন্ডনের ব্যাপার আছে। আপনি ছাত্রলীগের কমিটি-বাণিজ্য নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। এরপর বুঝতে পারবেন তাদের আসল ঘটনা।’
হজ ও তাবলিগ জামাত নিয়ে কটাক্ষ করে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বাদ পড়া লতিফ সিদ্দিকী বাংলাদেশের ‘অবাঞ্ছিত নাগরিক’ নন বলেও মন্তব্য করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত বলেন, ‘উনাকে (লতিফ সিদ্দিকী) অবাঞ্ছিত নাগরিক ঘোষণা করা হয়নি। অভিযোগ মাথায় নিয়ে পাসপোর্ট, ভিসা থাকলে দেশে আসতেই পারেন। আইনের শাসন পাওয়ার অধিকার সবারই আছে।’ তিনি বলেন, ‘ইমাম (এইচ টি ইমাম) সাহেব, ইমামতি করতে লন্ডন গেছেন, লতিফ সাহেব দেশে আসছেন। কেউ আসে, কেউ যায়।’
সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত আরও বলেন, ‘সরকারের বিচার সরকার করেছে। দলের বিচার দল করেছে। এখন আদালত কী করেন, সেটা দেখতে হবে। নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার এ ব্যাপারে কিছু করবে না। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ডিকটেশন (নির্দেশ) দেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘আমাদের একজন অভিজ্ঞ প্রধানমন্ত্রী আছেন। তাঁর ধৈর্য ও ত্যাগ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। লতিফ সিদ্দিকীর বিষয়ে তাই এখনই অধীর ও অধৈর্য হওয়ার কিছু নেই। আইন আইনের গতিতে চলবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’ তিনি বলেন, কেউ ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। এটা করে লাভ হবে না। আইন থেকে কেউ রেহায় পাবে না।
নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জাকির আহমাদ। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।