ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় তালা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় গত বুধবার রাতে মাওলানা ভাসানী হলের তিনটি কক্ষে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের কর্মীরা। এতে কক্ষগুলোর শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় বুধবার দুপুরে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। কিন্তু ওই মিছিলে ভাসানী হলের প্রথম বর্ষের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকায় ওই দিন রাত ১২টার দিকে তাঁদের অতিথিকক্ষে (গেস্টরুম) ডেকে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় বর্ষের ৪৩তম ব্যাচের ছাত্রলীগের কর্মীরা তাঁদের বকাঝকা করেন। একপর্যায়ে ছাত্রলীগ না করলে হলে থাকা যাবে না জানিয়ে রাত সাড়ে ১২টার দিকে হলের ১১২, ১১৩ ও ১১৪ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের কর্মীরা। এতে নির্দেশনা দেন ছাত্রলীগের কর্মী ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল্লামা ইকবাল, আইন ও বিচার বিভাগের আমিরুল ইসলাম এবং দর্শন বিভাগের মাহবুবুর রহমানসহ আরও কয়েকজন। তবে ১১৩ নম্বর কক্ষের তালা শুক্রবার দুপুরে খুলে দেওয়া হয়।
গতকাল বেলা তিনটার দিকে হলের ১১২ ও ১১৪ নম্বর কক্ষে তালা ঝুলতে দেখা যায়। কক্ষের শিক্ষার্থীদের প্রায় সাত-আটটি ব্যাগ ও তিন-চারটি ট্রাঙ্ক কক্ষগুলোর বাইরে করিডরে পড়ে থাকতে দেখা যায়। সন্ধ্যার দিকে তালাগুলো খুলে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, কক্ষগুলোতে গড়ে প্রায় ২০ জন শিক্ষার্থী থাকেন। কক্ষে তালা দেওয়ায় তাঁদের অনেককেই হলের ডাইনিং রুমে ও অন্য হলে বন্ধুদের সঙ্গে থাকতে হয়েছে। জামাকাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ভেতরে রেখেই কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ায় তিন দিন ভোগান্তি পোহাতে হয়।
তালা দেওয়ার কথা অস্বীকার করেন আমিরুল ইসলাম। আল্লামা ইকবাল ও মাহবুবুর রহমানের মুঠোফোনে কল দিলেও তাঁরা ধরেননি।
হলের প্রাধ্যক্ষ সৈয়দ হাফিজুর রহমান বলেন, ‘খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’