ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণের কমিটি বিলুপ্ত
ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি বিলুপ্ত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘সংগঠনের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি বিলুপ্ত করা হইল।’ তবে কেন কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেটা স্পষ্টভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
তবে চট্টগ্রামের বারো আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের এক নেতাকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার ঘটনার জের ধরেই কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অসমর্থিত একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
আজ ছাত্রলীগের পাঠানো বিবৃতিতে জানানো হয়, নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি বা সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হবে। এ কাজ সমন্বয় করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শিহাবুজ্জামান শিহাব এবং সহসম্পাদক আসাদুজ্জামান নাদিম।
জানা গেছে, গতকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রলীগের সমাবেশ থেকে ফেরার পথে চট্টগ্রামের বারো আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের এক নেতাকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল ছাত্রলীগের সমাবেশ শেষে রাতে ফেরার পথে আসনে বসাকে কেন্দ্র গাজীপুরের টঙ্গী রেলস্টেশনের পর থেকে লোহাগাড়া ও সাতকানিয়ার কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ট্রেনের ওই বগিতে লোহাগাড়া এলাকার কর্মীরা সংখ্যায় কম ছিলেন। সাতকানিয়া কেরানিরহাট এলাকার কর্মীরা বেশি ছিলেন। গাজীপুরের নিমতলী এলকায় ট্রেনের ওই বগি থেকে লোহাগাড়া এলাকার অন্তত চারজন কর্মীকে দরজা-জানালা দিয়ে ফেলে দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রামের বারো আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকিরুল ইসলাম মারা যান।
এই বারো আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অধীন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অবহেলা ও সমন্বয়হীনতার কারণে এ ধরনের ঘটনা হয় বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ জরুরি সিদ্ধান্ত নিয়ে ওই কমিটি বিলুপ্ত করেছে বলে অসমর্থিত সূত্র জানিয়েছে।