ছাত্রলীগের ঢাকা দক্ষিণের ১৩টি থানা কমিটি বিলুপ্ত
এক দিনে ১৩টি থানা শাখা ও একটি ওয়ার্ড শাখার কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। গতকাল এই শাখাগুলোতে নতুন কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে।
মহানগর দক্ষিণের সভাপতি বায়জিদ আহমদ খান ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত হওয়া কমিটিগুলো হলো—গেন্ডারিয়া, পল্টন, মতিঝিল, রামপুরা, শাহজাহানপুর, খিলগাঁও, যাত্রাবাড়ী, ওয়ারী, চকবাজার, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও খিলগাঁও মডেল কলেজ। একই সঙ্গে খিলগাঁও ৩ নম্বর ওয়ার্ড শাখাও বিলুপ্ত করা হয়েছে।
৩০ সেপ্টেম্বরের মধ্যে এই শাখাগুলোতে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে। জীবনবৃত্তান্তের সঙ্গে এসএসসির মূল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের সত্যায়িত প্রত্যয়নপত্র জমা দিতে প্রার্থীদের বলা হয়েছে।