ছাত্রলীগের তিন কর্মীকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে লাঞ্ছনা, এক নারীকে যৌন নিপীড়ন এবং একজনকে শারীরিক নির্যাতনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এই তিন ছাত্রলীগ কর্মী হলেন, সরকার ও রাজনীতি বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু সায়েম, বাংলা বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী জামশেদ আলম। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনি হলের আবাসিক ছাত্র।

মাহমুদুর রহমান বলেন, প্রশাসন অভিযোগগুলো তদন্ত করছে। তদন্তের সুবিধার্থে তাঁদের সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ: গত ২১ জানুয়ারি বিকেল পাঁচটায় ক্যাম্পাসের চৌরঙ্গি মোড়ে বেড়াতে আসা এক নারীকে যৌন নিপীড়ন করেন আবু সায়েম। একই সময় জাহিদ হাসান ও জামশেদ আলম ওই নারীর সঙ্গে আসা একটি ছেলেকে মারধর করেন। এ সময় থামাতে গিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম তাঁদের হাতে লাঞ্ছিত হন।

এ ঘটনার দুদিন পর (২৩ জানুয়ারি) অধ্যাপক মোজাহিদ ছাত্রলীগের ওই তিন কর্মীর বিরুদ্ধে প্রক্টর কার্যালয়ে অভিযোগগুলো করেন। এতে ওই দিনই প্রক্টর কার্যালয় থেকে এই তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।