ছাত্রলীগের তিন নেতা আজীবন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির মাধ্যমে ভর্তি পরীক্ষায় নকলে সহায়তা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় তাঁদের বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কৃষি অনুষদের পিএইচডি গবেষক অরুণ কান্তি রায়, বিজনেস স্টাডিজ লেভেল-৪ সেমিস্টার-১-এর ছাত্র ও ডরমিটরি-২ হল শাখা ছাত্রলীগের সভাপতি এস এম জাহিদ হাসান এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অনুষদ শাখার সাধারণ সম্পাদক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনুষদের লেভেল-২, সেমিস্টার-১-এর ছাত্র অনিন্দ্য দত্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অরুণ কান্তি রায় এবং এস এম জাহিদকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ও রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে ওই তিনজন ছাত্রকে আত্মপক্ষ সমর্থনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়। জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় কর্তৃপক্ষ তাঁদের চূড়ান্তভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।
এ সিদ্ধান্ত জানার পরপরই বেলা একটার দিকে বহিষ্কার হওয়া ছাত্ররা দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ওই বহিষ্কারাদেশ অবৈধ দাবি করে তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বৈরাচারী কায়দায় তিনজন ছাত্রকে বহিষ্কার করেছেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলন থেকে হুমকি দেন তাঁরা।
বহিষ্কারাদেশ ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ডি বক্সের সামনে মানববন্ধন করেন। ওই কর্মসূচিতে উপাচার্যসহ শিক্ষকদের নাম ধরে গালাগাল করা হয় বলে অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ১২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি এগিয়ে ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর করা হয়। ছুটি চলাকালে সব হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এসব ব্যাপারে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুসরণ করে শৃঙ্খলা কমিটি দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। উপাচার্য বলেন, কর্তৃপক্ষ যেকোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ের সুনাম, পড়ালেখার পরিবেশ এবং ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাখার ব্যাপারে সংকল্পবদ্ধ।