ছাত্রলীগের দাওয়াতে ছাত্রদলের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দাওয়াতপত্র গ্রহণ করলেও তাদের সমাবেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘রাজনীতির পাদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও টিএসসিতে আমাদের সংগঠনের নেতাকর্মী দেখলেই পেটানো হয়। তারা সেখানে আমাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয় না। আর যিনি কালকের সমাবেশ ভাষণ দেবেন তিনি একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এ জন্য আমরা ওই সমাবেশে যেতে পারি না।’

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে’ আগামীকাল রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ।

এ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মহিদুল হাসান ও সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজসহ সংগঠনের নেতা-কর্মীদের আমন্ত্রণ জানায় ছাত্রলীগ।

আজ শনিবার বিকেল চারটার দিকে ছাত্রলীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। তাঁদের মধ্যে ছিলেন ছাত্রলীগের সহসভাপতি ইমাউল হক সরকার, জয়দেব নন্দী ও মহিউদ্দিন মাহী এবং যুগ্ম সম্পাদক আবদুর রহমান ও পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুর রহমান।

প্রতিনিধিদের সূত্রে জানা গেছে, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আকরামুল হাসান ও দপ্তর সম্পাদক নাজমুল হাসান আমন্ত্রণপত্র গ্রহণ করেন।