
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সভা ডাকা নিয়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল শনিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের একটির নেতৃত্বে রয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এবং অপর পক্ষে সাবেক চিফ হুইপ ও সাংসদ আবদুস শহীদ।
সাংসদ শহীদ ১৪৪ ধারা লঙ্ঘন করে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল, গাড়ি শোভাযাত্রাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে শমশেরনগরে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁকে বাধা দেয়। পরে তিনি শমশেরনগর-কমলগঞ্জ সড়কে সভা করেন। দেড় ঘণ্টাব্যাপী এ সভাকালে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের দুই দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে।
সাংসদ শহীদের অনুসারী শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল খালিক দাবি করেন, ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে গত ২৯ অক্টোবর তাঁরা এ সভার সিদ্ধান্ত নেন। সভায় সাংসদ শহীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এ সভা বানচাল করতে শুক্রবার রাত ১০টার দিকে হঠাৎ উপজেলা ছাত্রলীগ একই স্থানে সভা ডাকে।
তবে সমাজকল্যাণমন্ত্রীর অনুসারী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বলেন, ১ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের সংবর্ধনার বিষয়টি আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শহীদ মোহাম্মদ সাইদুল হক সরেজমিনে ১৪৪ ধারা জারি করেন। এ ছাড়া উভয় পক্ষকে নির্দেশনা দিয়ে দুটি সভামঞ্চ অপসারণও করেন।