ছাত্রলীগের দুই পক্ষ মুখোমুখি, কলেজ ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, স্লোগান ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে আজ রোববার দুপুর ১২টার পর চট্টগ্রাম কলেজ ছুটি দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শ্রেণি কার্যক্রম ব্যাহত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানায়।

কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার নগর ছাত্রলীগের সহসভাপতি ফারুক ইসলামের অস্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কলেজ সড়কে অবরোধ করে তাঁর এবং চকবাজার থানা ছাত্রলীগের সাবেক নেতা নুরুল মোস্তফা ওরফে টিনুর অনুসারীরা। এ সময় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম এবং তাঁর সঙ্গীদের সঙ্গে অবরোধকারীদের সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে মাহমুদুল করিমের নেতৃত্বে নেতা-কর্মীরা মানববন্ধন করতে যান। তখন বিরোধীপক্ষও অবস্থান নেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয়।
কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষের অবস্থান এবং উত্তেজনার কারণে দুপুর সোয়া ১২টার পর আর কোনো ক্লাস হয়নি। আমরা শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিয়েছি।’
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে কলেজের সামনে মাহমুদুল করিমের নেতৃত্বে নেতা-কর্মীরা মানববন্ধনে দাঁড়াতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যানার কেড়ে নেওয়া হয়। পরে তাঁরা কলেজের মূল ফটকের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দেয়। অন্য পক্ষ বাইরের সড়কে মিছিল করে।
ঘটনাস্থলে থাকা চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, সামান্য ঘটনা নিয়ে একপক্ষ মানববন্ধনের ডাক দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারা স্লোগান পাল্টা স্লোগান দিচ্ছিল। এই অবস্থায় নিরাপত্তার খাতিরে আমরা মানববন্ধন করতে দিইনি।