ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের আহ্বায়কসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. নুরুজ্জামান, মাসুদ মিয়া ও প্রিন্স হাওলাদারকে গুরুতর অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি জানান, গতকাল দুপুর ১২টার দিকে আমতলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. নুরুজ্জামান, তাঁর সহযোগী মাসুদ মিয়াসহ সাত-আটজন নেতা-কর্মী নিয়ে আমতলী সরকারি কলেজের মূল ফটক দিয়ে বাইরে বের হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে উপজেলা ছাত্রলীগের সদস্য সবুজ মেলকার, প্রিন্স হাওলাদার, শাহীন, জিসাদসহ ১০-১২ জন মূল ফটক দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করছিলেন। পথে ছাত্রলীগের আহ্বায়ক নুরুজ্জামানের বাহুতে প্রিন্স হাওলাদারের ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ মেলকার, প্রিন্স হাওলাদার ও তাঁর সহযোগীরা ছাত্রলীগের আহ্বায়ক ও তাঁর সহযোগী মাসুদ মিয়ার ওপর হামলা চালান।
খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের সমর্থকেরা সেখানে এসে পাল্টা হামলা চালালে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।