সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবদমান পক্ষগুলোর মধ্যে হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হল দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। আহত ওই দুই শিক্ষার্থী হচ্ছেন সমাজবিজ্ঞান বিভাগের নাঈম ইসলাম ও নৃবিজ্ঞানের আবু হেনা। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ অভিযোগ করেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে তাঁর কর্মীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০০৪ ও ৫০১১ নম্বর কক্ষ দখলের জন্য হলে যান সাজিদুল ইসলামের পক্ষের কর্মীরা। এ সময় তাঁরা ওই কক্ষের আবাসিক ছাত্রদের কক্ষ ছেড়ে চলে যেতে বলেন। কক্ষ ছেড়ে যেতে অস্বীকৃতি জানালে তাঁরা ওই দুটি কক্ষে ভাঙচুর চালান। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা হলের প্রধান ফটক বন্ধ করে দিলেও সাজিদুল পক্ষের কর্মীরা ইটপাটকেল ছোড়েন। পরে সহসভাপতি অঞ্জন রায় ও আবু সাইদ আকন্দ পক্ষের কর্মীরাও সাজিদুলের পক্ষে যোগ দেন। তাঁরা মৃন্ময়ের মোটরবাইকও ভাঙচুর করেন।
জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখন তাঁরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়েছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রাধ্যক্ষ বঙ্গবন্ধু এস এম হাসান জাকিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যেসব শিক্ষার্থীর কক্ষ ভাঙচুর করা হয়েছে, তাঁরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।