ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার নেতা-কর্মীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। তাঁরা হলেন আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের তৃতীয় বর্ষের মো. রাজিব হোসাইন ও নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের আহমেদ মনির। এর মধ্যে মনিরের অবস্থা গুরুতর।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, এ ঘটনার সূত্রপাত হলের খেলার মাঠে। হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল ভূঁইয়ার পক্ষে প্রথম বর্ষের কর্মীরা হলের মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় নিজেদের মধ্যে তাঁরা জোরে কথা বলছিলেন ও ঝগড়া করছিলেন। পাশে তৃতীয় বর্ষের ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁদের উচ্চবাচ্য করতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। তৃতীয় বর্ষের কর্মীরা ছিলেন হলের অপর এক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলামের পক্ষের।
বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের নেতা-কর্মীরাই রড-লাঠিসোঁটা ও রামদা নিয়ে হলের ভেতর মহড়া দেন। এ সময় বিক্ষিপ্ত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানতে চাইলে আবিদ আল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।