চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
সংঘর্ষে আহত হয়েছেন ছাত্রলীগের সভাপতির পক্ষের আরাফাত হোসেন ও এনাম হোসেন এবং সাধারণ সম্পাদকের পক্ষের ফয়সাল আহমেদ, মো. মাসুম, মির্জা খবির, ওসমান নিয়াজ ও নাসির উদ্দিন। আহত ব্যক্তিদের মধ্যে প্রথম পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আরাফাতের পায়ে ও মির্জা খবিরের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে ক্যাম্পাসের কলা অনুষদের সামনে শাটল ট্রেনের বগিভিত্তিক ‘বিজয়’ গ্রুপের এক কর্মীর সঙ্গে ‘সিক্সটি নাইনের’ এক কর্মীর কথা-কাটাকাটি হয়। সিক্সটি নাইনের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু এবং বিজয় গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। এ ঘটনার মীমাংসা করার জন্য শাহ আমানত হলে দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসে। বৈঠক চলাকালে সোহরাওয়ার্দী হলের ভেতরে সংঘর্ষে দুজন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে সিক্সটি নাইনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ছাত্রাবাস এবং বিজয় গ্রুপের নেতা-কর্মীরা শাহ আমানত ছাত্রাবাসের সামনে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংঘর্ষের ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘কলা অনুষদের সামনে কথা-কাটাকাটির জের ধরে রেজাউল করিম নামের এক কর্মীকে থাপড় মারে বিজয় গ্রুপের কিছু ছেলে। এ ঘটনা মীমাংসা করার জন্য শাহ আমানত ছাত্রাবাসে সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর সঙ্গে বৈঠকে বসি। এ সময় তাঁর কিছু সমর্থক সোহরাওয়ার্দী ছাত্রাবাসে গিয়ে আমাদের দুজন কর্মীকে মারধর করে।’
অন্যদিকে ফজলে রাব্বী সুজন প্রথম আলোকে বলেন, ‘বিনা উসকানিতে সভাপতির পক্ষের নেতা-কর্মীরা আমাদের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের ১০-১২টি শেল ও ফাঁকা গুলি ছোড়া হয়।