ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ লাঠিসোঁটাসহ ১১ জনকে আটক করেছে।
গত সোমবার রাতেও ছাত্রলীগের নগর কমিটির যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেল ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলমের অনুসারীদের মধ্যে একই জায়গায় পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ওই ঘটনার জের ধরে গতকাল রাত নয়টার দিকে দুই পক্ষ আবারও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে সাইফুল আলমের পক্ষের কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নগরের মোমিন রোড থেকে আন্দরকিল্লার দিকে যেতে থাকে। এ সময় ২০-৩০ জন ব্যক্তি নগরের চেরাগী পাহাড় মোড়ের দিক থেকে গিয়ে মিছিলকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের কর্মীদের হাতে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র ছিল। একপর্যায়ে দুই পক্ষ আন্দরকিল্লায় এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করতে থাকে। এ সময় অন্তত সাতটি বিভিন্ন ধরনের গাড়ি ও তিনটি দোকান ভাঙচুর করা হয়। একপর্যায়ে ফাঁকা গুলিও ছোড়া হয়। ওই সময় কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। গাড়ি ভাঙচুরের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ধাওয়া দিয়ে সবাইকে সরিয়ে দেয়। প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা ১১ জনকে লাঠিসোঁটাসহ আটক করেছি। এ সময় দু-একটি গাড়ি ভাঙচুর হয়েছে।’ তবে ফাঁকা গুলিবর্ষণের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।
ছাত্রলীগের নেতা ওয়াহেদ রাসেলকে ফোন করা হলে ফোন ধরেন আরেক ব্যক্তি। মুজিবুল হক সুমন হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি নিজেকে আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগের নেতা দাবি করেন। তিনি বলেন, ‘সাইফুল আলমের ছেলেরা এসে আন্দরকিল্লায় ত্রাস সৃষ্টি করেছে। আমাদের ওপর হামলা করেছে। তারা গুলিও ছুড়েছে।’
তবে আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী বলেন, ‘আমরা মিছিল বের করলে রাসেলের ছেলেরা এসে হামলা করে। এ ঘটনায় আমাদের কয়েকজন আহত হয়েছে।’