ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে গতকাল রোববার দুই দফা সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা হাবিবুর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে কলেজ ক্যাম্পাসে ও পরে কলেজের অদূরে শেখ রাসেল শিশুপার্ক এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় আহত হন জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাঈদ বিন শফি ও কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র লাইকুজ্জামান জেমস, কলেজ শাখার স্থগিতাদেশপ্রাপ্ত ছাত্রলীগ কমিটির সহসভাপতি সালাউদ্দিন সুমন, একই কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
তাঁদের মধ্যে রাকিবুল ও লাইকুজ্জামানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদুল ও সাঈদ বিন শফি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা শহরের বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের স্থানীয় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।