ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারের জের ধরে শরীয়তপুর সরকারি কলেজে গতকাল মঙ্গলবার জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও তাঁর সমর্থকদের ওপর এক পক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে চারজন আহত হয়েছেন। এর আগে সোমবার অপর পক্ষের হামলায় আরও দুজন আহত হন।

স্থানীয় ব্যক্তিরা বলেন, শিগগিরই শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করার কথা। এতে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদার সভাপতি পদপ্রত্যাশী। এ নিয়েও তাঁদের মধ্যে বিরোধ চলছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার মহসিনের সমর্থকেরা সবুজের সমর্থক সাদ্দাম হোসেন ও নেছার আহম্মেদকে মারধর করেন। এর প্রতিশোধ নেওয়ার জন্য গতকাল বেলা ১১টার দিকে সবুজের সমর্থকেরা কলেজ ক্যাম্পাসে মহসিন ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। তাঁরা মহসিন মাদবর, মকবুল মাদবর, রুহুল আমীন ঢালী ও রাসেল সরদারকে কুপিয়ে আহত করেন। শিক্ষার্থীরা তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে মহসিনকে দুপুরেঢাকায় পাঠানো হয়।

কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ঢালী বলেন, ‘সবুজ তালুকদার কলেজ হোস্টেলের ছাত্রদের মাদক গ্রহণ ও মাদক বিক্রিতে উৎসাহিত করেন। আমরা বিষয়টিতে বাধা দিই। তিনি ক্ষুব্ধ হয়ে আমাদের ওপর হামলা চালান।’ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদার বলেন, কলেজ হোস্টেলের ছাত্রদের মহসিন মাদবর নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে তাঁর পক্ষে রাখার চেষ্টা করেন। সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ জানায়। মহসিন মাদবর দুজন ছাত্রকে মারধর করলে সাধারণ ছাত্ররা তাঁদের ওপর হামলা চালায়।