ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো কুমিল্লা মেডিকেল কলেজ। গতকাল বুধবার সকালে ও আগের দিন মধ্যরাতে সংঘর্ষে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ছাত্রাবাসের একাধিক কক্ষ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজ বন্ধ হলেও পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে।
সাত দিন আগে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও শিক্ষার্থীদের আন্দোলনের চাপে পরের দিনই ঘোষণা তুলে নেয় কর্তৃপক্ষ।
কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টার দিকে কলেজের ডা. শাহআলম বীরউত্তম ছাত্রাবাসের ৫০৪ ও ৫১০ নম্বর কক্ষে হামলা চালান কলেজ ছাত্রলীগের সহসভাপতি আবদুল কাইয়ুমের নেতৃত্বে তাঁর সমর্থক একদল নেতা-কর্মী। তাঁরা দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করেন। খবর পেয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি সাদমান বিন মাহমুদ ও সহসভাপতি নওশাদ আফছার ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সভাপতি পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত নেতা-কর্মীদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাতের সংঘর্ষের পর গতকাল সকাল সাতটায় সভাপতি পক্ষের নেতা-কর্মীরা ছাত্রাবাসে গিয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীদের মারধর করেন। ফলে বাধে আরেক দফা সংঘর্ষ। এতে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ছাত্রলীগের দুই দফায় সংঘর্ষের পর সকাল ১০টায় কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত হয়। সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুজিবুল হক বলেন, ‘আমাদের কক্ষে এসে ভাঙচুর ও মারধর করা হয়। রড দিয়ে আমার মাথায় আঘাত করা হয়।’ তৃতীয় বর্ষের পাকিস্তানি শিক্ষার্থী মো. আরফান বলেন, ‘হঠাৎ করে রাতে চিত্কার-চেঁচামেচি শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখি লাঠিসোঁটা নিয়ে দৌড়াদৌড়ি চলছে। এরপর আর কিছু বলতে পারব না।’
সংঘর্ষ প্রসঙ্গে সভাপতি সাদমান বিন মাহমুদ বলেন, ‘২০ অক্টোবর আবদুল কাইয়ুমের নেতা-কর্মীদের তাড়িয়ে দেওয়ার পর ওরা আমাদের ওপর হামলা করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটায়। ভোরে আমাদের নিয়ে বাজে মন্তব্য করায় আমরা তাদের ওপর হামলা চালাই।’
সহসভাপতি আবদুল কাইয়ুম বলেন, ‘সভাপতির পক্ষের লোকজনই আমাদের ওপর হামলা চালায়।’
কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী বলেন, ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে দুই দফা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় একাডেমিক কাউন্সিল কলেজের ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি।
কলেজ বন্ধ ঘোষণার পর গতকাল বিকেল চারটায় ছাত্রীরা ও বেলা ১১টার মধ্যে ছাত্ররা ছাত্রাবাস ত্যাগ করেন। তবে বিদেশি শিক্ষার্থীরা ছাত্রাবাসে অবস্থান করছেন।