ছাত্রলীগের দ্বন্দ্বে বন্ধ শাহজালাল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন l প্রথম আলো
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন l প্রথম আলো

আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এরপর সংঘাত এড়াতে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে গতকাল বুধবার সকালে সিন্ডিকেটের জরুরি সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও স্লোগান অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।

শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও তাঁর সমর্থকদের ধাওয়া দিয়ে হল ও ক্যাম্পাস থেকে বের করে দেন সহসভাপতি অঞ্জন রায় ও আবু সাঈদ আকন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের সমর্থক নেতা-কর্মীরা। এ সময় ক্যাম্পাসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। ইমরান-সমর্থকদের কিছু কক্ষও ভাঙচুর করা হয়। পরে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল সকাল আটটার মধ্যে ছাত্রদের তিনটি আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়।

সকালে শিক্ষার্থীরা যখন হল ত্যাগ করছিলেন, তখন ইমরান খানের পক্ষ হলগুলোর সামনে ও অপর পক্ষ কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থান নেয়। তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সম্ভাব্য সংঘর্ষ সামাল দেয়। পরে ইমরান খান পক্ষকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাসে করে প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস থেকে বের করে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইমরান খান অভিযোগ করেন, তাঁকে লক্ষ্য করে সাজিদুল, অঞ্জন ও সাঈদ পক্ষ গুলি করেছে। বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁকে লক্ষ্য করে গুলি ও তাঁর সমর্থকদের আবাসিক হলের কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, ‘ইমরান
একাই বিজয় দিবসে ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেছেন, আমাদের সমর্থকদের মারধরের ভয় দেখিয়ে বাধা দিয়েছেন। এ ছাড়া তিনি আমাদের সমর্থকদের হয়রানি করছেন। তাই সবাই মিলে হল থেকে তাঁকে বের করে দিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ক্লাস-পরীক্ষা বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা দুপুর ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। সেখান থেকে তাঁরা ক্যাম্পাসে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। তখন থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপাচার্য তাঁর কার্যালয়ে অবরুদ্ধ হয়ে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বদ্যিালয়ের উপাচার্য আমিনুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেটের সভা করেই ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আবার চালু করতে হলে সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু একটি পক্ষ সিন্ডিকেট সদস্যদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দিচ্ছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, মঙ্গলবার রাতেই ছাত্রদের হলগুলোতে তল্লাশি চালায় পুলিশ। ভোর পর্যন্ত পুলিশের তল্লাশিতে ধারালো অস্ত্র, গুলি, ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।