সদ্যঘোষিত কমিটি নিয়ে মারমুখী হয়ে উঠেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষ। এক পক্ষে আছেন সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজের অনুসারীরা। অন্য পক্ষ কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর।
এ বিষয়ে সাংসদ জেবুন্নেছা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে সংকট দেখা দিয়েছে। সাধারণভাবে এর একটা অংশ আমার বলে প্রচার করা হয়। বাস্তবে আমি মনে করি, ছাত্রলীগের মধ্যে কোনো পক্ষ থাকা উচিত নয়।’
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘মহানগরের সভাপতি-সম্পাদক ছাড়া অন্যরা আমার সঙ্গে সম্পর্ক রাখতে আসে। কিন্তু মেডিকেল কলেজে একটি কমিটি দেওয়া হয়েছে, যেখানে ছাত্রলীগের বড় অংশকে পদ দেওয়া হয়নি। তাই ছাত্ররা কেন্দ্রে অভিযোগ দিয়েছে। শুনেছি, কেন্দ্র ওই কমিটি স্থগিত করেছে।’
১৯ অক্টোবর সাংসদ-সমর্থক মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ কমিটির ঘোষণা দেন। ওই কমিটিতে পদবঞ্চিত হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীরা। পদবঞ্চিত নেতারা ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি করেন। তাঁরা নতুন কমিটি বাতিল হয়েছে এমন প্রচারও চালান। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি মিছিল করছেন তাঁরা। বুধবার দুপুরে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী ছাত্রলীগ নেতা অনুপ সরকার নতুন কমিটি বাতিল হয়েছে এমন দাবি করে মিছিল বের করেন। খবর পেয়ে নতুন কমিটির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অন্য পক্ষ পাল্টা মিছিল বের করে। এ সময় দুই পক্ষ প্রথমে বাগ্বিতণ্ডা, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে শিক্ষকেরা তাদের নিবৃত্ত করলেও দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়।
কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম বলেন, মেডিকেল কলেজ ছাত্রলীগ মূলত সাবেক মেয়র শওকত হোসেন হিরণের অনুসারী। তাঁর মৃত্যুর পর সমর্থকেরা তাঁর স্ত্রী বর্তমান সাংসদ জেবুন্নেছার সমর্থক হিসেবে কাজ করছেন। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরে রাজনীতি শুরু করার পর থেকে সব কলেজে বিভক্তি শুরু হয়। মেডিকেল কলেজে ছাত্রলীগও দুই ধারায় বিভক্ত। তবে বেশির ভাগ সদস্য জেবুন্নেছার পক্ষে।
নতুন কমিটিতে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা অনুপ সরকার অভিযোগ করে বলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অবৈধভাবে কলেজ কমিটি ঘোষণা করেছেন। কাউন্সিল ছাড়া কমিটি করায় নিবেদিতপ্রাণ কর্মীরা ক্ষুব্ধ।
তবে অনুপ সরকারের দাবি অনুযায়ী নতুন কমিটি বাতিলের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জানতে চাইলে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা বলেন, ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষে উত্তেজনা চলছিল। বুধবার তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে সাংসদের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়।