ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ও মহানগর ছাত্রলীগের নেতারা গতকাল শনিবার বিকেলে এক বৈঠকে নবগঠিত কমিটি ঘোষণা করেন। পরে ছাত্রলীগের দপ্তর সম্পাদক কমিটির কথা নিশ্চিত করেন।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল জানান, নবগঠিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও মহিউদ্দিন আহমেদ। সহসভাপতি আসিফ উল্লাহ (মিথুন) ও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইব্রাহীম। কমিটিতে দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। একজন ইমাম হাসান, অন্যজন সালমান খান (প্রান্ত)।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বায়েজিদ আহমেদ খান ও সাব্বির হোসেন। সহসভাপতি মো. মহসিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান। সাংগঠনিক সম্পাদক দুজন হলেন আবু হাসান তাপস ও ইমাম হাসান খান।
সাবেক সভাপতির বাসায় হামলার অভিযোগ: রাজধানীর সেগুনবাগিচায় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের বাসায় গতকাল রাতে সাড়ে ১২টার দিকে হামলার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিতরা এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, ৭০-৮০ জন যুবক মোটরসাইকেলে গিয়ে লিয়াকত শিকদারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় গুলিও ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।
তবে সেগুনবাগিচায় দায়িত্বরত শাহবাগ থানার এসআই হারুন উর রশিদ রাতে ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
‘এই চেহারায় ছাত্রলীগকে দেখতে চাই না’: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘এই চেহারায় ছাত্রলীগকে দেখতে চাই না। এটা শেখ হাসিনার ডিজিটাল ছাত্রলীগের চেহারা না। এই ছবি-চেহারা পরিবর্তন করতে হবে।’
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।